ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের চরণে প্রায় ২০৬ কোটি টাকা মূল্যের ১২১ কেজি স্বর্ণালংকার দান করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে গেলো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে এই গয়নাগুলো অর্পণ করেন তিনি, যা তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর ইতিহাসে অন্যতম বড় দান হিসেবেই আলোচিত হচ্ছে।
মুকুট, হার, বাজুবন্দ, কোমরের অলংকার ও হীরাখচিত ঐতিহ্যবাহী গয়না মিলিয়ে বিশেষভাবে তৈরি ৪৬টি অলংকার রয়েছে এই সংগ্রহে। ভক্তি ও আড়ম্বরের এই দান তাঁকে রাতারাতি খবরের শিরোনামে তুললেও, স্বাস্থ্যপ্রযুক্তি ও আউটসোর্সিং দুনিয়ায় তাঁর দীর্ঘ পথচলা এবং নানা জনহিতকর উদ্যোগের গল্পটাও বেশ চমকপ্রদ। দেশটির গণমাধ্যমেও তাঁকে ঘিরে তৈরি হচ্ছে চমকপ্রদ সব কাহিনী।
বর্ধমান জৈন আসলে বৈশ্বিক স্বাস্থ্যপ্রযুক্তি ও রাজস্ব সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘অ্যাক্সেস হেলথ কেয়ার’-এর প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান; পাশাপাশি ‘এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিং’-এর পরিচালক হিসেবেও যুক্ত তিনি। চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি।
১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে মিলে ‘ভিশন হেলথসোর্স’ গড়ে তোলার মধ্য দিয়ে শুরু হয় তাঁর উদ্যোক্তা জীবন, মেডিকেল বিলিং ও হেলথকেয়ার ক্লেইম ম্যানেজমেন্টে কাজ করা প্রতিষ্ঠানটি ২০০৩ সালে পেরট সিস্টেমস কিনে নেয়। ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমস অধিগ্রহণের পর ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান তিনি, যেখানে প্রায় ৯ হাজার কর্মী আর শতাধিক ক্লায়েন্টের তদারকি সামলেছেন।
এরপরই গড়ে তোলেন অ্যাক্সেস হেলথকেয়ার, স্বাস্থ্য খাতে অটোমেশন, এআই ও মেশিন লার্নিং কাজে লাগিয়ে যে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন তিনি, আর ২০২৫ সালের জানুয়ারিতে নিউ মাউন্টেন ক্যাপিটাল সংখ্যাগরিষ্ঠ শেয়ারের বিনিময়ে এতে কৌশলগত বিনিয়োগ ঘোষণা করে, যার লেনদেন মূল্য ধরা হয়েছিল প্রায় ১৫০ থেকে ২০০ কোটি ডলার।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজসেবায়ও বেশ সক্রিয় এই দম্পতি। শিক্ষা, ক্ষুধা নিবারণ ও জরুরি স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ‘শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি তিনি; সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য গড়ে তুলেছেন ‘আবিষ্কার’ নামের উদ্যোগ, আর চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে শিশুস্বাস্থ্য খাতেও অবদান রাখছেন। তি
রুমালা মন্দিরের সঙ্গেও তাঁর যোগসূত্র বহু বছরের, এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলে ৭ কোটি টাকা, টিটিডি গোশালায় ক্যাটল-ফিড মিক্সিং প্ল্যান্টে ৫ কোটি টাকা এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্রের জন্য ১ কোটি টাকা দেওয়ার পাশাপাশি মন্দিরের যাতায়াতের জন্য বৈদ্যুতিক বাসও দিয়েছেন তিনি।
সব মিলিয়ে প্রযুক্তি ও ব্যবসার হিসাবনিকাশের বাইরে গিয়ে ভক্তি আর জনকল্যাণের এই বিশাল দানই এখন আলোচনার কেন্দ্রে।
তথ্যসূত্র: এনডিটিভি