দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবে মোতায়েনের উদ্দেশ্যে রওনা হওয়া সেনাদের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান।
এই সেনা মোতায়েন সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ইসলামাবাদের অঙ্গীকারেরই প্রতিফলন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তাঁর পাশাপাশি পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. রাজেহ তামি আলবুগামি এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
আইএসপিআর জানায়, সম্মত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর অধীনে সৌদি আরবের ভূখণ্ডের ভেতরেই নির্ধারিত দায়িত্ব পালন করবেন মোতায়েনকৃত এই সেনারা।
দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সামরিক সমন্বয়ের ধারাবাহিকতায় এই মোতায়েন দুই দেশের নিরাপত্তাগত সহযোগিতাকে আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: গালফ নিউজ