প্রতিরক্ষার প্রতিশ্রুতি, বাস্তবে কতটা কার্যকর মক্কা চুক্তি?

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২২ পিএম

সৌদি আরবের নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল কথাও স্পষ্ট, তাদের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। কিন্তু প্রতিশ্রুতির বাইরে বাস্তবে এই চুক্তি কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার আশঙ্কা এবং ইরানের সঙ্গে আঞ্চলিক সমীকরণ এই প্রশ্নকে আরও জটিল করে তুলেছে। সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান ও তুরস্ক কত দূর যেতে প্রস্তুত, আর সেই সহায়তা কি কেবল প্রতিরক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে দেখা হবে। তবে এই প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ নিয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর মেলেনি। বিশেষ করে সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সামরিক সহায়তা দেওয়া আর ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া এক বিষয় নয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সৌদি আরবের দক্ষিণে চলমান অস্থিরতা ইসলামাবাদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে। চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি। তবে চুক্তিটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী কয়েক মাসে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে এর কার্যকর কাঠামো তৈরি করতে হবে।

প্রতিরক্ষার প্রতিশ্রুতি, কিন্তু ইয়েমেনে নয়

পাকিস্তান সৌদি আরবের ভূখণ্ড রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিলেও ইয়েমেনে ঢুকে হুথিদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার বিষয়টি নাকচ করেছে। গত ৯ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান জানান, জোটের অধীনে সৌদি আরবে অবস্থানরত পাকিস্তানি সেনারা হুথিদের বিরুদ্ধে অভিযান চালাতে ইয়েমেনে প্রবেশ করবে না। তার বক্তব্য, এই জোটের উদ্দেশ্য তিন দেশকে বহিঃআক্রমণ থেকে রক্ষা করা।

এর আগে ১১ এপ্রিল সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের একটি সেনাদল, যার সঙ্গে যুদ্ধবিমান ও সহায়ক উড়োজাহাজও রয়েছে, দেশটির পূর্বাঞ্চলের কিং আবদুল আজিজ বিমানঘাঁটিতে পৌঁছেছে। তখন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির আওতায় এই সেনা মোতায়েনের কথা বলা হয়।

সিডনিভিত্তিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিশ্লেষক মুহাম্মদ ফয়সালের মতে, সৌদি আরবে পাকিস্তানের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সমন্বয়ের বড় অংশই মক্কা চুক্তির আগের। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি হয়। কাতারে ইসরাইলের হামলার পর উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর নির্ভরতা নতুন করে পর্যালোচনা করছিল। সেই প্রেক্ষাপটেই চুক্তিটি হয়েছিল।

ফয়সাল আরও বলেন, ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে অংশ নিতে পাকিস্তানের ওপর সৌদি আরব প্রকাশ্যে কোনো চাপ দেয়নি।

তবে রিয়াদের কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী গবেষক উমের করিমের মতে, পাকিস্তানের এই সীমাবদ্ধতা সৌদি আরবের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না। সৌদি আরব হুথিদের মোকাবিলায় পাকিস্তানের প্রতিরক্ষা সহায়তা চায়, এমনকি প্রয়োজনে আক্রমণাত্মক ভূমিকার প্রত্যাশাও থাকতে পারে। কিন্তু একই সঙ্গে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবেও পাকিস্তানকে ধরে রাখতে চায় রিয়াদ।

এখানেই পাকিস্তানের জন্য জটিলতা। হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপে জড়ালে ইরানের সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের ভূমিকা দুর্বল হতে পারে। কারণ, হুথিদের প্রধান বিদেশি সমর্থক ইরান।

হুথি হামলায় বাড়ছে চাপ

সৌদি আরবের ওপর হুথিদের হামলা এই প্রতিরক্ষা চুক্তির কার্যকারিতার প্রশ্নকে সামনে এনেছে। গত ২৪ নভেম্বর সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, রিয়াদের আর্থিক কেন্দ্রে একটি ভবনে হুথিদের হামলায় ১১ জন আহত হয়েছেন। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে হুথিদের সন্দেহভাজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বিমানবন্দরে হামলার ঘটনায় প্রাণ হারান।

হুথি হামলায় ক্ষতিগ্রস্ত রিয়াদের পিআইএফ ভবন। ছবি: সংগৃহীত

গত পাঁচ অক্টোবর রিয়াদে জোটভুক্ত দেশগুলোর জরুরি বৈঠক হয়। সেখানে সৌদি আরবে প্রয়োজনীয় সামরিক বাহিনী ও সক্ষমতা সরবরাহ এবং দ্রুত মোতায়েনের ব্যবস্থা নেওয়ার বিষয়ে একমত হন প্রতিনিধিরা। তবে যৌথ বিবৃতিতে ইয়েমেন বা হুথিদের নাম উল্লেখ করা হয়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত ২১ নভেম্বর দেশটির গণমাধ্যমকে বলেন, তাদের বর্তমান নীতি সৌদি আরবকে রক্ষা করা। ইয়েমেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সৌদি আরবের প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

আঙ্কারাভিত্তিক বিশ্লেষক ওমের ওজকিজিলচিকের ধারণা, আপাতত এই জোট প্রতিরক্ষামূলক ভূমিকাতেই সীমাবদ্ধ থাকবে। সৌদি আরব যদি কেবল প্রতিরক্ষামূলক সহায়তা চায়, তাহলে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে জোটের অংশ নেওয়ার সম্ভাবনা কম।

অন্যদিকে লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের জ্যেষ্ঠ গবেষক নওয়াফ ওবায়েদের মতে, সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তানের প্রতিশ্রুতির আওতায় স্থল ও আকাশপথের সামরিক সক্ষমতা, যুদ্ধবিমান, স্থলসেনা, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ভৌগোলিক গোয়েন্দা তথ্য সহায়তা রয়েছে। তার মতে, প্রতিরক্ষামূলক অভিযানেও সরাসরি যুদ্ধে জড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হলেও অস্পষ্ট অনেক কিছু

চুক্তিকে কার্যকর করতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার কাজও চলছে। গত সেপ্টেম্বরে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নওমান মাহমুদকে তিন বছরের জন্য জোটের প্রথম মহাসচিব নিয়োগ দেওয়া হয়। জোটের সচিবালয় সৌদি আরবের রিয়াদে। গত ১৯ নভেম্বর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে তিনি জোটের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার অগ্রগতি পর্যালোচনা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ২৩ অক্টোবর জানায়, ইসলামাবাদ ও রিয়াদ চুক্তির অনুমোদন প্রক্রিয়া শেষ করেছে। তুরস্কের পার্লামেন্টে গত পাঁচ নভেম্বর ২৭৯ ভোটে চুক্তিটি অনুমোদিত হয়। বিপক্ষে ভোট পড়ে ১১৯টি। শুক্রবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এতে সই করেন। ফলে তিন দেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পেমব্রোক কলেজের ভিজিটিং গবেষক আইয়ুপ এরসয়ের মতে, চুক্তির আইনি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দ্রুত তৈরি হয়েছে। তবে আঙ্কারাভিত্তিক বিশ্লেষক ওজকিজিলচিক মনে করেন, জোটে কোনো পরাশক্তি নেই। ফলে এর সামরিক সক্ষমতা ও দূরবর্তী অঞ্চলে শক্তি প্রয়োগের ক্ষমতা আঞ্চলিক বা মধ্যম শক্তির দেশগুলোর সীমাবদ্ধতার মধ্যেই থাকবে।

সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো, কোনো সদস্যদেশ আক্রান্ত হলে যৌথ সামরিক প্রতিক্রিয়ার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হবে, কোন দেশের কত সেনা বা সামরিক সরঞ্জাম মোতায়েন করা হবে এবং অভিযানের নেতৃত্ব কার হাতে থাকবে, তা এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের সঙ্গে সম্পর্কের সমীকরণ

সৌদি আরবকে রক্ষার প্রতিশ্রুতির পাশাপাশি ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। গত ২৬ অক্টোবর সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন তেহরানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করেন। বৈঠকটি পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছে বলে ধারণা করা হয়।

তেহরানে ইরানের প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সৌদি, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

মুহাম্মদ ফয়সালের মতে, এই বৈঠক পাকিস্তানের দ্বৈত ভূমিকার উদাহরণ। একদিকে দেশটি সৌদি আরবের প্রতিরক্ষা জোটের সদস্য, অন্যদিকে রিয়াদ ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবেও কাজ করছে।

কিংস কলেজের গবেষক নওয়াফ ওবায়েদ মনে করেন, সৌদি আরব ও ইরানের মধ্যে পাকিস্তান কৌশলগতভাবে নিরপেক্ষ নয়। বিষয়টি ইরানও বোঝে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়া ঠেকানো পাকিস্তানের নিজস্ব নিরাপত্তার স্বার্থের সঙ্গেও জড়িত। এ কারণেই মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

তেহরানের পারস্য উপসাগরবিষয়ক গবেষণা গোষ্ঠীর পরিচালক জাভাদ হেইরান-নিয়া বলেন, ইরান এমন একটি ব্যবস্থাকে স্বাগত জানায়, যা ইসরাইলের বিরুদ্ধে আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে পারে এবং যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে পারে। তবে এই জোটের একটি উদ্দেশ্য ইরান ও তার মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করা হতে পারে, সেটিও তেহরান বোঝে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও চুক্তির সীমা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি। সৌদি আরবে ইরানের সরাসরি হামলা হলে জোট কী করবে, সে বিষয়ে মন্তব্য এড়িয়ে তিনি ইসরাইলকে সম্ভাব্য আঞ্চলিক হুমকি হিসেবে উল্লেখ করেন। তার মতে, ইসরাইলের পক্ষ থেকে সংঘাত বা আগ্রাসনের আশঙ্কা রয়েছে, তাই দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

উমের করিমের আশঙ্কা, ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে পাকিস্তানের ওপর চাপ বাড়তে পারে। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলে রিয়াদ পাকিস্তানকে হুথিদের বিরুদ্ধে আরও স্পষ্ট সামরিক ভূমিকা নিতে বলতে পারে। তাতে ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

মক্কা চুক্তি তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি করেছে। কিন্তু সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে সেই কাঠামো কতটা সামরিক শক্তিতে রূপ নেবে, তা নির্ভর করছে বাস্তব পরিস্থিতি, সদস্যদেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত এবং ইরান-সৌদি আরবের আঞ্চলিক সমীকরণের ওপর। প্রতিরক্ষার প্রতিশ্রুতি থাকলেও যৌথ সামরিক পদক্ষেপের সীমা ও ধরন এখনো পুরোপুরি নির্ধারিত নয়।

সূত্র: আল-জাজিরা

একাত্তর/কেআই
মাত্র বারো দিনের ব্যবধানে আবারও বিধ্বস্ত হয়েছে তুরস্কের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার । এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা পাঁচ জনের সবাই নিহত হয়েছেন।
বছরের পর বছর টয়োটার গাড়ির যন্ত্রাংশ সরবরাহ করে ব্যবসা চালিয়ে এসেছে জাপানের নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাস্টার’। কিন্তু চীনের তীব্র প্রতিযোগিতায় দেশের গাড়ি শিল্প চাপের মুখে পড়ায় প্রতিরক্ষা প্রযুক্তিতে...
বৈশ্বিক উষ্ণতা রোধে যথেষ্ট শক্তিশালী নয় এমন অভিযোগে কপ-৩১ সম্মেলনের সভাপতি তুরস্ক ও অস্ট্রেলিয়ার উপস্থাপিত চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও অন্যান্য কয়েকটি দেশ। এর ফলে...
তুরস্কে জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলনে রাতভর আলোচনা চলার পরও নতুন বৈশ্বিক জলবায়ু চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে অচলাবস্থায় পড়েছে দেশগুলো। খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানির চাহিদা কমানোর কোনো উল্লেখ না...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুপেয় পানির পাম্প স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)...
পতিত ও পলাতক শক্তির ইন্ধনে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান। তিনি বলেন, পতিত শক্তি আবারও দেশের...
মাত্র দুই কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমা আয় করেছে ৪৫২ কোটি ৮৬ লাখ রুপি। বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এমন অভাবনীয় সাফল্য পেয়েছে নিম করোলি বাবার জীবন অবলম্বনে নির্মিত...
প্রধানমন্ত্রীর ডাকা জাতীয় ঐক্য রাজপথে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা বলেন, শেখ হাসিনা নিজে থেকে দেশে আসবেন না, বরং তাকে হাতকড়া পরিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর