আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। শিশুদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। এবারের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’ । শিশুদের নিজেদের কথা নিজেরাই বলার সুযোগ দেওয়া এবং তাদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণে মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানাচ্ছে এবারের আয়োজন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাবমতে, বিশ্বের প্রায় ১৯০ টি দেশ ও অঞ্চলে এই দিবসটি উদযাপিত হচ্ছে।
ইতিহাসে ও আয়োজনে ২০ নভেম্বর
১৯৫৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রথম বিশ্বজুড়ে একটি সর্বজনীন শিশু দিবস পালনের প্রস্তাব দেয়। এর পাঁচ বছর পর, ১৯৫৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ গ্রহণ করে ‘শিশু অধিকার ঘোষণাপত্র’। আর ঠিক তার ত্রিশ বছর পর, ১৯৮৯ সালের এই দিনেই গৃহীত হয় ‘শিশু অধিকার সনদ’ (ইউএনসিআরসি)—যা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দেশের অনুমোদন পাওয়া মানবাধিকার চুক্তি। ১৯৯০ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিশু দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শিশুদের অধিকারের প্রতি সংহতি জানাতে ২০ নভেম্বর বিশ্বের নানা প্রান্তে ঐতিহাসিক স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেজে ওঠে নীল আলোয়। ফ্রান্সের আইফেল টাওয়ার থেকে মেক্সিকোর চিচেন ইৎজা কিংবা ভারতের ঐতিহাসিক সব স্থাপনায় অতীতে দেখা গেছে এই নীলের আবহ। এর পাশাপাশি বিশ্বজুড়ে আয়োজিত হয় ‘কিডস টেকওভার’—যেখানে শিশুরা প্রতীকীভাবে গণমাধ্যম, রাজনীতি, ব্যবসা, ক্রীড়া ও বিনোদন জগতের শীর্ষ আসনে বসে নিজেদের দাবিদাওয়া ও স্বপ্নের কথা তুলে ধরে।
এআইয়ের যুগে নতুন লড়াই: আসছে ‘শিশু ইশতেহার’
যুদ্ধ আর জলবায়ু সংকটের পাশাপাশি ২০২৬ সালের বিশ্ব শিশু দিবসের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও শিশু অধিকার। ইউনিসেফের মতে, এআই যেমন বিশ্বজুড়ে নানা সমস্যা সমাধানে নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি নিয়ন্ত্রণহীন অ্যালগরিদম ও প্রযুক্তির অপব্যবহার শিশুদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) ও নিরাপত্তার জন্য নজিরবিহীন ঝুঁকি তৈরি করছে।
এআইয়ের নকশা ও নীতিমালায় শিশুদের অধিকার যেন কখনোই উপেক্ষিত না হয়, সে লক্ষ্যে এবার শিশু-কিশোরদের মতামত সংগ্রহ করছে ইউনিসেফ। তাদের ভাবনা নিয়েই তৈরি হচ্ছে ‘চিলড্রেনস ম্যানিফেস্টো অন চাইল্ড রাইটস অ্যান্ড এআই’—যা বিশ্বের সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের সামনে তুলে ধরা হবে।
বাংলাদেশেও উদযাপন শিশু দিবসের
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলছেন, কেবল সরকারি উদ্যোগ বা দিবস পালনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ও জবাবদিহিমূলক পদক্ষেপ জরুরি।