মৃত্যুকে নিয়মিত স্মরণ করা কেন এতো জরুরি?

মৃত্যু মানেই শেষ নয়, নিয়মিত মৃত্যুচিন্তায় কীভাবে বদলে যায় জীবন? দুনিয়ার মোহ কাটিয়ে অন্তর পরিষ্কার রাখে মৃত্যুস্মরণ, জানুন কোরআন-হাদিসের দোয়া

দুনিয়ার কোলাহল, অর্থের পেছনে ছোটা কিংবা অকারণ দুশ্চিন্তার ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই, এ পথচলা একদিন থামবেই। পবিত্র কোরআনের ভাষায়, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে [৩:১৮৫]। কিন্তু ইসলামে মৃত্যু মানে কোনো আতঙ্ক বা শূন্যতায় হারিয়ে যাওয়া নয়; বরং এটি মহান আল্লাহর সান্নিধ্যে ফেরার এক স্বাভাবিক ও অনিবার্য ধাপ।

দুনিয়ার শত কষ্ট, দারিদ্র্য, প্রিয়জন হারানোর বেদনা আর পরীক্ষার শেষে মুমিনের জন্য মৃত্যু যেন এক পরম প্রশান্তির দরজা, যেখানে দুনিয়ার সব ক্লেশ থেমে যায় এবং শুরু হয় রবের রহমতের ছায়া। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিন ব্যক্তি মৃত্যু দ্বারা স্বস্তি লাভ করে [সহিহ বুখারি]। এমনকি নিজের মৃত্যুর শয্যায় মালাকুল মউত যখন মহান আল্লাহর পক্ষ থেকে মৃত্যু বিলম্বিত করার বিশেষ সুযোগ এনে দিয়েছিলেন, তখনো নবীজি (সা.) সেই সুযোগ না নিয়ে নিজের প্রিয় রবের কাছে ফিরে যাওয়াকেই বেছে নিয়েছিলেন।

Death Thouht 03
মৃত্যুকে নিয়মিত স্মরণ করা আসলে নিজের ভেতরের আয়নাটা পরিষ্কার করে নেওয়ার মতো। কাছের কোনো মানুষ চলে গেলে হঠাৎই দুনিয়ার তুচ্ছ বিষয়গুলো কত ফিকে মনে হয়, তাই না?

নিয়মিত মৃত্যুচিন্তা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে আমরা সাময়িক অতিথি, আমাদের আসল উদ্দেশ্য হলো স্রষ্টার বিধান মেনে ভালো কাজ সঞ্চয় করা, যেমনটি সুরা মুলকে বলা হয়েছে যে জীবন ও মৃত্যু সৃষ্টি করা হয়েছে কে সবচেয়ে উত্তম আমল করে তা যাচাই করার জন্য [৬৭:২]।

হাদিসে এসেছে, লোহায় যেমন মরিচা পড়ে, অন্তরেও তেমনি মরিচা ধরে; আর তা দূর করার উপায় হলো মৃত্যুকে স্মরণ করা ও কোরআন তিলাওয়াত করা।

Death Thouht 01
হজরত আলি (রা.) বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, সে অল্প সম্পদেই পরিতৃপ্ত থাকে, লোভ বা কৃপণতা তাকে স্পর্শ করতে পারে না, কারণ সে জানে, যা কিছু জমানো হচ্ছে, একদিন সবই অন্যের হাতে রেখে যেতে হবে। তবে বিপদে পড়লে মৃত্যু কামনা করা ইসলামে নিষিদ্ধ [সহিহ বুখারি]; আত্মহত্যা বা কৃত্রিমভাবে মৃত্যু ডেকে আনা হারাম, যদিও আল্লাহর পথে শাহাদাতের দোয়া করা যায়।

কষ্টের মুহূর্তে ধৈর্য হারা না হয়ে বরং এমন দোয়া পড়া উচিত, যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। বিপদ বা প্রিয়জনের মৃত্যুর খবরে কোরআনের সেই অমীয় বাণীটি বড় সান্ত্বনা দেয়, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই তাঁর কাছেই আমরা ফিরে যাব [২:১৫৬]।

এমনকি প্রসববেদনা ও সমাজের কটু কথার আশঙ্কায় বিবি মরিয়ম (আ.) পর্যন্ত একপর্যায়ে আবেগের বশে মৃত্যু কামনা করেছিলেন [১৯:২৩], যদিও পরে আল্লাহই তাঁকে রক্ষা ও সান্ত্বনা দিয়েছিলেন। বিপদের সময় নবীজি (সা.) শিখিয়েছেন এমন দোয়া করতে, হে আল্লাহ, যতক্ষণ জীবন আমার জন্য কল্যাণকর, আমাকে জীবিত রাখুন; আর মৃত্যু যদি আমার জন্য কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিন [সহিহ বুখারি]।

Death Thouht 04
আর মৃত্যুর সময় ঘনিয়ে এলে বা যন্ত্রণার আশঙ্কায় নবীজি পড়তেন, হে আল্লাহ, মৃত্যুর কষ্ট ও যন্ত্রণায় আমাকে সাহায্য করুন। পাশাপাশি মৃত্যুর সময় শয়তানের প্রতারণা ও ক্ষতির হাত থেকে বাঁচতে আশ্রয় চাইতেন [আবু দাউদ], আর চেয়েছেন যেন মৃত্যু হয় প্রশান্তিদায়ক ও সব অকল্যাণ থেকে নিরাপদ [সহিহ মুসলিম], এবং জীবন-মৃত্যুর ফিতনা ও অক্ষমতা থেকে আল্লাহর পানাহ চেয়েছেন [সুনান আন-নাসাই]।

প্রিয়জন মৃত্যুর কাছাকাছি গেলে নবীজির বংশধর মুহাম্মদ ইবনে আলি (রহ.) যে দীর্ঘ দোয়ার পরামর্শ দিয়েছেন, তা মূলত আল্লাহর একত্ব ও মহত্ত্বকে অন্তরে গেঁথে নেয়, যা পরকালের কঠিন সময়ে সবচেয়ে বড় ভরসা। সব মিলিয়ে মৃত্যুকে ভয় নয়, বরং প্রস্তুতির আলোয় দেখাই মুমিনের কাজ—কারণ নিয়মিত মৃত্যুচিন্তাই পারে আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে।

তথ্যসূত্র: দ্য মুসলিম ভাইব