“তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনোই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ।” [সুরা আলে ইমরান: ৩:৯২]
আল্লাহর প্রতি আনুগত্য ও বিশ্বাসের শক্তির কথা পবিত্র কোরআন বারবার আমাদের মনে করিয়ে দেয়, আর সেই বিশ্বাসের গভীরতা অনেক সময় প্রকাশ পায় স্রষ্টার প্রতি আমাদের ভালোবাসার মধ্য দিয়ে।
আল্লাহকে ভালোবাসলে ইবাদত ও বিশ্বাসে সত্যিকারের নিষ্ঠা আসে, আর এর প্রকাশ ঘটে আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসায়। একটি দয়ার্দ্র মনের সৌন্দর্য, বিশাল মহাবিশ্ব কিংবা মাঠের এক টুকরো ঘাসের মাঝেও যে সৃষ্টির শিল্প ছড়িয়ে আছে, এসবই আমাদের স্রষ্টার পথ খুঁজে পেতে সাহায্য করে।
বিশ্বাসের মাঝে ভালোবাসার শক্তি ও গভীরতাকে নতুন করে জাগিয়ে তুলতে, দৃঢ় করতে কিংবা আল্লাহর প্রতি ভালোবাসা খুঁজে পেতে পবিত্র কোরআনের পাঁচটি আয়াত নিচে তুলে ধরা হলো:
১. মানুষের মাঝে ভালোবাসা ও দয়া
“আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।” [সুরা আর-রুম: ৩০:২১]
সঙ্গ লাভের সহজাত মানবিক প্রয়োজনটি বুঝতে এই আয়াত আমাদের সাহায্য করে- শেষ পর্যন্ত আমরা তো সামাজিক মানুষ, যাদের স্নেহ ও ভালোবাসা প্রয়োজন। তাই ইসলামের গণ্ডির ভেতরে কোরআন আমাদের জীবনসঙ্গী খুঁজে নিতে উৎসাহিত করে, যিনি দুজন মানুষের মাঝে ভালোবাসা ও দয়া ভাগ করে নেওয়ার গুরুত্ব ও আনন্দ বুঝতে সাহায্য করেন।
২. মুমিনরা পরস্পর ভাই ভাই
“মুমিনরা তো পরস্পর ভাই ভাই; সুতরাং তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আর আল্লাহকে ভয় করো, যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো।” [সুরা আল-হুজরাত: ৪৯:১০]
সব মুমিনকে ভাই বা পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে পবিত্র কোরআন আমাদের আরও একটি বিষয় মনে করিয়ে দেয়- মানবতার বৃহত্তর পরিবারের অংশ হিসেবে আমাদের একে অপরকে ভালোবাসতে হবে। ভালোবাসা কেবল রোমান্টিক বা দাম্পত্য ভালোবাসায় সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং দয়ালু ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ভাইবোনের সমাজ গড়ে তুলতেই একে কাজে লাগানো উচিত।
৩. সৎকর্ম করো
“আর তোমরা সৎকর্ম করো; নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।” [সুরা আল-বাকারা: ২:১৯৫]
দেখতে সহজ এই আয়াতটি একজন অনুশীলনশীল মুসলিম হওয়ার পথে গভীর এক ভাবনার খোরাক দেয়—আল্লাহর ভালোবাসা পাওয়া, মহান স্রষ্টার ভালোবাসার পাত্র হওয়া এমন এক নিয়ামত, যা আমাদের অনেকের কল্পনারও বাইরে। আমাদের শুধু ভালো কাজ করে যেতে হবে। এই পৃথিবীতে ভালো কাজ করার অর্থ কী, তা নিয়ে আলাদাভাবে অনেক কিছুই বলা যায়; তবে এখনই আমরা যে শিক্ষাটি নিতে পারি তা হলো-আল্লাহর ভালোবাসা পাওয়ার লক্ষ্যে সাধ্যমতো সবকিছু করে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা আমাদের সবসময় চালিয়ে যেতে হবে।
৪. আমরা সবাই আল্লাহর কাছেই ফিরে যাব
“তোমাদের প্রত্যেকের জন্যই আমি একটি শরিয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক উম্মত বানিয়ে দিতেন; কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চেয়েছেন। কাজেই কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন; অতঃপর যে বিষয়ে তোমরা মতবিরোধ করতে, সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন।” [সুরা আল-মায়িদা: ৫:৪৮]
এখানে পবিত্র কোরআন আমাদের দুটি কথা মনে করিয়ে দেয়: প্রথমত, নানাভাবে পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্যই আমাদের ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করা হয়েছে; দ্বিতীয়ত, পৃথিবীতে আমাদের যত মতভেদ বা পার্থক্যই থাকুক না কেন, শেষ পর্যন্ত আমরা সবাই একসঙ্গে আল্লাহর কাছেই ফিরে যাব। ভিন্ন ভিন্ন পরীক্ষা আর জাতির পরিচয় থাকা সত্ত্বেও আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব—এই উপলব্ধি দুনিয়ার জীবনে একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা করার শক্তির কথা জোরালোভাবে মনে করিয়ে দেয়। আমাদের সবার পরিণতি তো একই—নিজের কাজের হিসাব দিতে আমাদের আল্লাহর কাছে ফিরতে হবে; আর সে কারণেই একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা নিয়ে আচরণ করা আমাদের সবসময় জরুরি।
৫. নিজের ভালোবাসা ভাগ করে নেওয়া
“তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত কখনোই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সর্বজ্ঞ।” [সুরা আলে ইমরান: ৩:৯২]
সবশেষে, নিজের ভালোবাসা ভাগ করে নেওয়ার গুরুত্ব শেখায় কোরআন- কারণ ভালোবাসা ভাগ করে নিলেই কেবল বোঝা যায় তা কতটা মূল্যবান। পরিবারের মতো একে অপরকে সম্মান ও ভালোবাসা দেয় এমন ভাইবোনের সমাজে বসবাসের দায়িত্ববোধ থেকে আমাদের কাছে যা কিছু আছে, তা দিয়ে ও ভাগ করে নেওয়ার চেষ্টা করতেই এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়।
তথ্যসূত্র: দ্য ইসলাম ভাইব
