মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের চারটি ইঞ্জিন ও আটটি কোচ

৫ম দফায় মেট্রোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসে পৌঁছেছে মোংলা বন্দরে। ১৫ দিন আগে জাপানের কোবে বন্দর থেকে এ ইঞ্জিন ও কোচ নিয়ে ছেড়ে আসা বিদেশি জাহাজ এম ভি এসপিএম ব্যাংকক শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। 

পরে বন্দর, কাস্টমস ও এজেন্টের প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্নের পর শুরু হয় জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ খালাসের কাজ। জাহাজ থেকে ইঞ্জিন ও কোচ নামিয়ে রাখা হচ্ছে পরিবহণ বার্জে (নৌযানে)। এ বার্জে করেই নদীপথে মেট্রোরেলের এই ইঞ্জিন ও কোচ নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে।

বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান বলেন, ৫ম দফায় জাপানের কোবে বন্দর থেকে এম ভি এসপিএম ব্যাংকক জাহাজে শনিবার চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে। 


মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, সর্বপ্রথম গত ৩১ মার্চ এম ভি এসপিএম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ছয়টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে। 

আরও পড়ুন: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

গত ৫ মে এম ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি, ২০ জুলাই এম ভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও দুইটি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর চারটি বগি ও দুইটি ইঞ্জিন নিয়ে এম ভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়ে। আর শনিবার এম ভি এসপিএম ব্যাংকক ভিড়েছে চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে।


একাত্তর/আরবিএস