ইউপি নির্বাচনে সকল প্রার্থীই সমান সুযোগ ভোগ করবেন: সিইসি

ইউপি নির্বাচনে কোনো দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয় মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছেন, আমরা আশা করি নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সকল প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ৯টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, মাগুরায় সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় আমরা বিব্রত। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে। নির্বাচনী পরিবেশ সুন্দর সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকার নজর রাখছি। আমরা সুন্দরভাবে সকল ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব।

আরও পড়ুন: সিদ্ধান্ত পরিবর্তন, কোনো মোবাইল ফোন বন্ধ হচ্ছে না

সভায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি