ভারত সরকার চলতি বছরের গত ২১ অক্টোবরের মধ্যে সেদেশের জনগণকে এক শ’ কোটি ডোজ কোভিড-১৯ টিকা প্রদানের মাইলফলক অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (২৪ অক্টোবর) মোদীকে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, মানবজাতির উপর কোভিড-১৯ মহামারীর সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এটি ভারত ও এই অঞ্চলের পুনরুদ্ধার এবং স্বাভাবিকতার পথে একটি বড় পদক্ষেপ হবে।
মোদিকে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশেও সরকার একটি গণ টিকাকরণ কর্মসূচি পরিচালনা করছে। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত করোনা টিকা ৬ কোটিরও বেশি মানুষকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: করোনায় মৃত্যু ৯, কমেছে শনাক্ত
শেখ হাসিনা বলেন, টিকাকরণ কর্মসূচির প্রথম থেকেই ভারত বাংলাদেশের জন্য কোভিড-১৯ টিকার একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা রপ্তানি পুনরায় শুরু করার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন আগামী দিনে এই ক্রয় নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
কোভিড-১৯ মহামারীর প্রকোপ থেকে এই অঞ্চলের জনগণকে রক্ষা করতে এবং এই মহামারীর বহুমুখী প্রতিকূল পরিণতি মোকাবেলায় ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন। খবর বাসস।
একাত্তর/আরএইচ