করোনায় আজও সাতজনের মৃত্যু, কমেছে শনাক্ত

শীতের শুরুতেই দেশে করোনা আক্রান্ত রোগীর পাশাপাশি বাড়ছে মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৮৭ জনে। এর আগের ২৪ ঘণ্টায়ও মারা যান সাতজন

আগের দিনের তুলনায় কিছুটা কমে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪৭ জনের। একদিন আগে শনাক্ত হয়েছিলেন ২৫৬ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৮৫ জনে। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন উঠেছেন ২২৭ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩০০ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৮ হাজার ৯১৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৯০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৩২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর বলছে, এ পর্যন্ত মোট এক কোটি চার লাখ ২৭ হাজার আটশ' ৪৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ০৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ। 

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী রয়েছেন। ঢাকায় তিনজন, রংপুরে দুইজন, খুলনা ও সিলেটে একজন করে মারা গেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে কড়া জবাব চীনের

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। গত ৩১ অগাস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়। তার আগে পাঁচ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।


একাত্তর/আরবিএস