করোনার নতুন ওষুধ উৎপাদন হবে দেশেই

করোনার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের মার্ক এবং রিজব্যাক বায়োথেরাপিউটিক উদ্ভাবিত ওষুধ 'মলনুপিরাভির',বাংলাদেশে উৎপাদনের অনুমোদন দিয়েছে ঔষুধ প্রশাসন অধিদপ্তর। শিগগিরি দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠান এই ওষুধ উৎপাদনের অনুমোদন পাবে। প্রাথমিকভাবে উৎপাদনের অনুমোদন পেয়েছে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এসব তথ্য একাত্তরকে নিশ্চিত করেছেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র আইয়ুব হোসেন। 

জানা গেছে এই ওষুধের উদ্ভাবক যুক্তরাষ্ট্রের কোম্পানি মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিক। জানা যায় ‘মলনুপিরাভির’ সাধারণত ফ্লুর চিকিৎসায় ব্যবহারের জন্য তৈরি করা হয়। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি করোনা রোগীর জন্যও উপযুক্ত, যা এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যু বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে। করোনাভাইরাসে আক্রান্তদের দিনে দুইবার এই ওষুধ সেবন করতে দেওয়া হয়।

আরও পড়ুন: ১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সূত্র বলছে, দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ওষুধ কোম্পানি এই ওষুধ উৎপাদনের অনুমোদন চেয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে আবেদন করেছে। খুব শিগগির এদের ‘রেসিপি’ অনুমোদন দেওয়া হবে। এসকেএফ, স্কয়ার, রেনেটা, ইনসেপ্টা, বিকনসহ ৮ থেকে ১০টি প্রতিষ্ঠান এই তালিকায় আছে।

করোনাভাইরাসের চিকিৎসায় এতদিন অনুমোদিত কোনো সুনির্দিষ্ট ওষুধ ছিল না। ‘মলনুপিরাভির’ সে ক্ষেত্রে নতুন আলোর সন্ধান দিয়েছে। ওষুধটি চার দিন আগে যুক্তরাজ্য সরকার অনুমোদন দিয়েছে। এই ওষুধ সেবন করলে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন কমবে, মৃত্যুও কমবে।

যুক্তরাজ্যে ওষুধটি অনুমোদনের পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেছিলেন, যেসব ব্যক্তি দুর্বল ও যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই চিকিৎসা এক যুগান্তকারী পদক্ষেপ।


একাত্তর/এআর