বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণের আলোচনা শুরু

মহাকাশে বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ উৎক্ষেপণের প্রস্তুতির আলোচনা শুরু করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারিসে স্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে বৈঠক করেছেন। 

এসব প্রতিষ্ঠান যুদ্ধবিমান ক্রয়ের কথা বললে, জবাবে শেখ হাসিনা বলেছেন, আগে দেশের মানুষের উন্নয়ন। দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠকগুলোর পাশাপাশি ফ্রান্সের সিনেটর সংবর্ধনাতেও যোগ দেন তিনি। 

কার্গো ও যাত্রী পরিবহনের উড়োজাহাজ তৈরির প্রতিষ্ঠান এয়ারবাসের বিমান ক্রেতা বাংলাদেশও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরের সুযোগে এয়ারবাস প্রধানসহ একাধিক বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বৈঠক করেন নিজেদের পণ্যের গুণাগুণ জানাতে। বিমানবন্দরের রাডার আর বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বিক্রেতাও ফরাসি। এবার আলাপ হয়েছে- শিগগিরই বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নিয়ে মহাকাশে যেতে চায় বাংলাদেশ।

তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের সফরের কেন্দ্রীয় লক্ষ্যে রেখেছেন বৈদেশিক বিনিয়োগ বাড়ানো আর রাজনৈতিক সমর্থন আদায়। প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর পর যান সিনেটে। মত বিনিময়ে আলোচনায় আসে রাজনৈতিক প্রেক্ষাপটও।

আরও পড়ুন: ঢাকা-প্যারিস তিন চুক্তি সই

প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের সময়টাতেই চলছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন আর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন। প্রবাসী ব্যবসায়ী-ফ্রান্সের বিনিয়োগকারীদের সাথে বৈঠকে শেখ হাসিনা জানান, ফ্রান্স বাংলাদেশের বাণিজ্য বৈষম্য আগামী চার বছরে অর্ধেক করার বিষয়ে একমত হয়েছেন হাসিনা-ম্যাক্রো।

সামরিক ক্ষেত্রে প্রশিক্ষণসহ প্রযুক্তিগত সহায়তা নিয়ে ফ্রান্সের সাথে আলোচনা এবার পুর্ণাঙ্গ রূপ পায়। বঙ্গোপসাগরে একক আধিপত্য কাউকে না দেয়া আবার সমান স্বার্থ রক্ষার কূটনৈতিক কৌশলে বাংলাদেশকে অকুণ্ঠ সমর্থন দেয়ার কথা জানিয়েছে ফ্রান্স। একটি সামরিক সমঝোতাও সই হয় প্রধানমন্ত্রীর সফরকালে।


একাত্তর/এসজে