টাঙ্গাইল-৭ এর সংসদ সদস্য একাব্বর হোসেনের মৃত্যু

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন মারা গেছেন। তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও ছিলেন। 

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা ২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী ঝর্ণা হোসেন।  

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ বলেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে আট বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১০ অক্টোবর ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। 

আগামীকাল বুধবার বাদ জোহর মির্জাপুর এসকে পাইলট উচ্চবিদ্যালয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

একাব্বর হোসেন ১৯৬৫ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টাকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওয়াজউদ্দিন এবং মায়ের নাম রোজিনা বেগম। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সম্মান এবং ১৯৭৮ সালে এমএসএস ডিগ্রি অর্জন করেন। 

১৯৯০ সালে মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এওপর ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দলীয় মনোনয়নে এমপি নির্বাচিত হন। 

এ ছাড়া তিনি জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 


একাত্তর/আরএইচ