ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয়: রাষ্ট্রপতি

ক্ষমতা বাহাদুরি দেখানোর জন্য নয় বরং জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন।

বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমীতে জেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধি যেই হোক দায়িত্ব পালনের জন্য ক্ষমতাকে কাজে লাগাতে হবে। ক্ষমতার যাতে অপপ্রয়োগ না হয় তাও নিশ্চিত করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য জনপ্রতিনিধি এবং প্রশাসনসহ সবাইকে কাজ হবে।

কিশোর গ্যাং নিয়ে পত্রপত্রিকায় প্রায়ই খবর প্রকাশিত হচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, কিশোরগঞ্জ শহরে পর্যাপ্ত ইজিবাইক, অটোরিকশা এবং রাস্তার পাশে যত্রতত্র স্থাপনা নির্মাণের ফলে শহরের যানজট প্রকট হচ্ছে। তিনি এই যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সকলকে নির্দেশ দেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের ঐতিহ্য নরসুন্দা নদীতে ময়লা-আবর্জনা ফেলায় নদী তার ঐতিহ্য হারাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

রাষ্ট্রপতি নরসুন্দা নদী রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। কেউ যাতে পুকুর ভরাট করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

মতবিনিময়কালে কিশোরগঞ্জের নানা সমস্যা তুলে ধরা হয়। সংসদ সদস্য মো. আফজাল হোসেন এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে, বিকেলে কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিদেশি শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার গুণগত মান ভালো হাওয়ায় মেডিকেলে পড়ার জন্য বিদেশি শিক্ষার্থীদের পছন্দের অন্যতম একটি গন্তব্যস্থলে পরিণত হচ্ছে বাংলাদেশ।

স্বাস্থ্যখাতে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে দক্ষতার সাথে সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হয় বাংলাদেশ।

আগামীতে করানোর মতো নানান সমস্যা মোকাবেলায় স্বাস্থ্যখাতকে আরো কার্যক্রম ও গতিশীল করার ওপর জোর দেন তিনি।

আরও পড়ুন: আর কত ভর্তুকি দেবে সরকার, প্রশ্ন প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখবে।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা‌. আ ন ম নৌওশাদ খান, কলেজের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।


একাত্তর/আরএ