স্কুলে স্কুলে গিয়ে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের স্কুলে-স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২১’ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। 

জাহিদ মালেক বলেন, আমরা এতোদিন চার-পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের একটি স্কুলের মাধ্যমে টিকা দেওয়ায় নিবন্ধনসহ নানা বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। তাই আমরা সারাদেশের প্রতিটি স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে ৯ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: করোনা ভাইরাস: ২৪ ঘণ্টায় আরও পাঁচ মৃত্যু, শনাক্ত ২৪৪

এ সময় মন্ত্রী অটোমোটেড ড্রাগ লাইসেন্সিং ও রিনিউয়াল সিস্টেমের উদ্বোধন করেন।  

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিভাগের সচিব আলি নুর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বারডান জাং রানা, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন প্রমুখ বক্তব্য দেন। 


একাত্তর/এসি