বাসে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয় আমরা মনিটরিং করছি।

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবির বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে কামাল বলেন, এই দাবি তাদের পুরনো, যা টাস্কফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার (১৫ নভেম্বর) দুর্ব্যবহারের প্রতিবাদে এবং বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রামপুরা বিটিভি ভবন এলাকায় রাইদা পরিবহনের অর্ধশতাধিক বাস আটক করে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থী। পরে বাস মালিকের সঙ্গে পুলিশের আলোচনায় সমঝোতা হলে বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা।

এরপর বুধবার (১৭ নভেম্বর) মহাখালীর আমতলী মোড়ে শিক্ষার্থীরা ‘হাফ ভাড়া’র দাবিতে মানববন্ধনের আয়োজন করে। সে সময় তাদের ওপর তিতুমীর কলেজ ছাত্রলীগের হামলার অভিযোগ ওঠে।


সর্বশেষ হাফ পাস বাস ভাড়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তারা আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে।


একাত্তর/আরএ