আগামী ৩০ জুন বা কাছাকাছি সময় বহুল অপেক্ষার পদ্মা সেতুতে যান চলাচল শুরু হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন মন্ত্রীপরিষদ সচিব।
সোমবার (২২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন তুলে ধরার সময় তিনি একথা জানান।
তিনি বলেন, ‘প্রায় ৮৭ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী বছরের জুনে যানবাহন চলাচলের জন্য এটি উন্মুক্ত হয়ে যাবে’।
গত বছরের ১০ ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে ছয় দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর পুরোটা দৃশ্যমান হয়। এর ফলে মাওয়া ও জাজিরাকে যুক্ত করেছে পদ্মা সেতু।
আর, স্প্যানের ওপর স্লাব বসানো শেষে গত ১০ নভেম্বর পদ্মা সেতুর একেবারে শেষ পর্যায়ের কাজ মূল সেতুর সড়ক পথের পিচ ঢালাই শুরু হয়। যা বর্তমানে পুরোদমে চলছে।
এখন পর্যন্ত পদ্মা সেতুর ব্যয় ধরা আছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। ২০০৭ সালে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর প্রকল্প নেওয়া হয়।
আরও পড়ুন: উন্নয়ন হলে কিছু দুর্নীতি হবেই: পরিকল্পনা মন্ত্রী
তখন ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। কাজ শেষ করার কথা ছিল ২০১৫ সালে। এরপর তিনবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় ফিরে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্পে প্রায় ১০ হাজার কোটি টাকার ঋণ সহায়তার প্রস্তাব নিয়ে আসে বিশ্ব ব্যাংক।
এরপর প্রকল্প দীর্ঘদিন ঝুলিয়ে রেখে পদ্মা সেতুতে ‘সম্ভাব্য দুর্নীতির’ অভিযোগ আনে বিশ্ব ব্যাংক। দীর্ঘ টানাপোড়েন শেষে বাংলাদেশ প্রত্যয়ের সঙ্গে বিশ্ব ব্যাংককে ‘না’ বলে দেয়।
শেষ পর্যন্ত নকশা অপরিবর্তিত রেখে নিজেদের টাকায় সেতু নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের ডিসেম্বরে শুরু হয় সেই বিপুল কর্মযজ্ঞ।
একাত্তর/এআর