দক্ষিণ আফ্রিকায় সূত্রপাত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরন 'ওমিক্রন' খুবই সংক্রমণপ্রবণ হওয়ায় এই মুহুর্তে বাংলাদেশের সাথে সেই দেশের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৭ নভেম্বর) সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের দ্বিতীয় বিশেষ সেশনে অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। পাশাপাশি আফ্রিকা মহাদেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদেরও স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয় জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি শক্তিশালী হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী তার বার্তায় নিশ্চিত করেন।
ভাইরাসটি নিয়ে আতংকিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভাইরাসটি খুবই শক্তিশালী। সে কারণে আফ্রিকার সাথে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে।'
তিনি আরও জানান, সব এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সকল প্রবেশপথে স্ক্রীনিং আরো জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মুখে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে সকল জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
আরও পড়ুন: করোনার নতুন ধরন সম্পর্কে প্রয়োজনীয় দশ তথ্য
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনটির বৈজ্ঞানিক বা বায়োলজিক্যাল নাম বি.১.১.৫২৯। এবার নতুন এ ধরনটির নাম রাখা হয়েছে 'ওমিক্রন'। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরনটিকে 'উদ্বেগজনক' বলে আখ্যায়িত করেছে।
ইতোমধ্যে বেলজিয়াম, হংকং ও ইসরাইলসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনটি শনাক্ত হয়েছে। সংক্রমণ ছড়ানো রোধে দক্ষিণ আফ্রিকাসহ প্রতিবেশি বেশ কয়েকটি দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ইরান, সিঙ্গাপুর ও ইসরাইলসহ আরও বেশ কিছু দেশ।
সময়ের সঙ্গে সঙ্গে এই তালিকায় যুক্ত হচ্ছে নিত্য নতুন দেশের নাম। এছাড়াও এসব দেশ থেকে ইউরোপে সব ধরনের ফ্লাইট নিষিদ্ধের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন।
একাত্তর/এসজে