‘নতুন নীতিতে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৃহৎ জনগোষ্ঠীকে অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তিতে রূপান্তর করা হবে।  ডিজিটালের পর  উদ্ভাবনী বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নীতি অনুযায়ী প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘চতুর্থ শিল্প বিপ্লব’-এর ওপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। 

শনিবার সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুক্ত হন শেখ হাসিনা।  বলেন, আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল বাংলাদেশে তৈরি করেছে। তাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় অবকাঠামোগত দিক থেকে প্রস্তুত রয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, আইটি পার্কগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করছে। আগামী দিনে আইসিটি ও সফটওয়্যার শিল্প বাংলাদেশের রপ্তানি খাতে নেতৃত্ব দেবে বলেও আশা করেন।

একাত্তর/ এনএ