র্যাবের সাত কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কোন আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
মোমেন বলেন, ফোন কলটা হয়েছিল আলোচনার জন্য। তবে র্যাবের নিষেধাজ্ঞার তুলে নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে কি না তা জানতে চাইলে মোমেন বলেন, আমি এ নিয়ে কথা বলিনি। উনিও বলেননি।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে জানতে চাইলে এসব মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের জনগণ এ নিষেধাজ্ঞা গ্রহণ করেনি, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি এ বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: আব্দুল মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন
এর আগে বুধবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ব্লিঙ্কেন মুঠোফোনে আব্দুল মোমেনের সঙ্গে কথা বলেন। প্রায় ৩০ মিনিটের আলোচনায় আগামী বছর সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে তারা কথা বলেন।
বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ফোনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনকে অনুরোধ করেছেন বলেও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান।