ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কমিশনের ৯২তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এ ঘোষণা দেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
পরে সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিন জানুয়ারি ২০২২, প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।
ইসি সচিব বলেন, এবার ইউপি নির্বাচনে সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে।
আরও পড়ুন: পাকিস্তানে বিস্ফোরণে নিহত অন্তত ১১, আহত ১৩
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতিমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে পাঁচ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।
একাত্তর/এসি