করোনা থেকে সুরক্ষায় সব জেলায় আগামী সপ্তাহে বুস্টার ডোজ দেয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রোববার, রাজধানীর মহাখালীতে বিসিপিএসএ অডিটরিয়ামে করোনা টিকার বুস্টার টিকা দেয়ার কার্যক্রম উদ্বোধনের পর তিনি সাংবাদিকদের একথা জানান।
মীরজাদী সেব্রিনা বলেন, সারাদেশে বুস্টার ডোজ দেয়ার জন্য সুরক্ষা অ্যাপস প্রস্তুত করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে দেশের ৬৪ জেলায় বুস্টার ডোজ দেয়া হবে।
তিনি জানান, অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে।
বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয় দেশে করোনা টিকার প্রথম ডোজটি নেয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়ে।
এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে বলেও জানান, স্বাস্থ্য অধিদপ্তরের এই অতিরিক্ত মহাপরিচালক।
একাত্তর/ এনএ