মালয়েশিয়া যাওয়ার জন্য এখনি অর্থ লেনদেন না করার পরামর্শ প্রবাসী কল্যাণমন্ত্রীর

মালয়েশিয়ার শ্রমবাজার এখনো খোলেনি, কেবল সমঝোতা হয়েছে। তাই এখনি মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ব্যাপারে সমঝোতা স্মারক সই শেষে দেশে ফিরে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নানান বিষয়ে কথা বলেন ইমরান আহমদ। এ সময় তিনি মালয়েশিয়া যেতে আগ্রহীদের পরামর্শ দেন।

প্রায় সাড়ে ৩ বছর পর পুনরায় চালু হতে যাওয়া এই শ্রমবাজারে এবার কোনো সিন্ডিকেট থাকবে না বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সব খাতেই কর্মী নেবে মালয়েশিয়া। জয়েন্ট ওয়ার্কিং কমিটির কয়েক দফা আলোচনার পর নীতিমালা ঠিক হয়েছে, যেটি অনুমোদন দিয়েছে দু’দেশেরই মন্ত্রীসভা।

এবার সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ থাকছে বলেও জানান মন্ত্রী।

নতুন বছরের (২০২২ সাল) জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজের মাধ্যমে শ্রমিক পাঠানো হবে। কর্মীরা ন্যূনতম খরচে সেখানে যেতে পারবেন।

আরও পড়ুন: অভিজিতের খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, কর্মীর ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। কর্মী প্রতি খরচ কতো হতে পারে তার ধারণাও নেয়া হবে। এছাড়া কোনো এজেন্সিই নির্ধারিত সীমার বাইরে কর্মীর কাছ থেকে টাকা নিতে পারবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।


একাত্তর/আরএ