ব্লগার, লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডে জড়িত জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক, জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান ভিন্ন কোনো দেশে ‘গা ঢাকা দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে ‘মুক্তিযোদ্ধার ভাস্কর্য’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যায় অংশ নিয়েছিল। ওই সময় আমাদের দেশে জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিলো, তবে দেশের নিরাপত্তায় কর্মরতরা জঙ্গিদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই হত্যায় জড়িত পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি, কিন্তু আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী তিনি অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির হোসেন, মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন: অভিজিতের খুনিদের ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় হামলার শিকার হন অভিজিৎ রায়। চাপাতির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। ওই হামলার দিনই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য চেয়ে একই অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আরএফজে অফিস তাদের ঘোষণায় বলেছে, যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর আহত করার ঘটনা সম্পর্কে তথ্যের জন্য পুরস্কার দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় সম্পৃক্ত যে কাউকে যেকোনো দেশে গ্রেপ্তার বা সাজা হতে পারে এমন তথ্যের জন্য ৫০ লাখ ডলার পুরস্কার অনুমোদন করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক টুইটেও ওই পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে। সেখানে অভিজিৎ ও রাফিদা আহমেদের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়।
একাত্তর/এসি