'সোশ্যালমিডিয়া সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে'

সোশ্যাল মিডিয়া এখন সাংবাদিকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারের কারণে এখন সবাই সাংবাদিক হয়ে গেছেন।  সবাই সাংবাদিক হয়ে যাওয়ার কারণে প্রকৃত সাংবাদিকরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন।  যারা পড়ালেখা করে, কাজ করে এই পেশায় আছেন তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কারণে কোণঠাসা অবস্থায়।  আপনারা যারা লেখাপড়া করে সাংবাদিক হয়েছেন তারা মানসিকভাবে নিজেকে যেভাবে তৈরি করেছেন।  কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা ঘরের মধ্যে বসেই সাংবাদিকতা করছেন।  এই যে পার্থক্য, এই পার্থক্যের জন্য আপনাদেরকে লড়াই করে বেঁচে থাকতে হবে।  

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরও পড়ুন: লঞ্চে আগুন: ষষ্ঠদিনে আরও এক মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী বলেন, আপনারাই কিন্তু আসল সাংবাদিকতা করার জন্য শিক্ষিত-প্রশিক্ষিত।  এজন্য আপনাদের যে জায়গা তথা পেশাদারিত্বের জায়গাটায় যেন অ্যামেচারিজম না আসে সেদিকে সজাগ করতে হবে।  সেই দায়িত্বও আপনাদের।  সেই জায়গায় সরকার আপনাদের সব রকম সহায়তা করবে।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকেই বলেন বাংলাদেশে বাকস্বাধীনতা নেই। কিন্তু বিবিসি বলেন অন্যান্য দেশের সংবাদ মাধ্যমে বাংলাদেশের মত টকশো কি হয়? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হ‌ওয়ার পর স্বীকার করছি কিছু অপব্যবহার হয়েছে। কিন্তু আমরা তা বন্ধে ব্যবস্থা নিয়েছি। এই আইন কখনোই বাক স্বাধীনতা বা জনগণের কথা বলার স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি।

গণমাধ্যমকর্মী আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন আমি ছেড়ে দিয়েছি। এই পার্লামেন্টে হয়তো তথ্যমন্ত্রী মহোদয় এটি উপস্থাপন করবেন।


একাত্তর/এআর