রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন বিদায়ী প্রধান বিচারপতি।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, এটি ছিল রাষ্ট্রপতির সাথে বিদায়ী প্রধান বিচারপতির একটি সৌজন্য সাক্ষাৎ।
দেশের সর্বোচ্চ আদালতকে বিচারপ্রার্থী জনগণের মহান আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ দেশের বিচার বিভাগের সার্বিক উন্নয়নে তার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: জানুয়ারি থেকে টিকা দেয়া হবে ওয়ার্ডে ওয়ার্ডে
এছাড়া সফলভাবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনাসহ বিচার বিভাগের উন্নয়নে বিদায়ী প্রধান বিচারপতির নেয়া পদক্ষেপের প্রশংসাও করেন তিনি।
এদিকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদান করায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানান বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
একাত্তর/টিএ