কক্সবাজারে নারী ও শিশুদের জন্য সৈকত আলাদা করে স্থানীয় প্রশাসন ঠিক কাজ করেনি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
আশেপাশের দেশের চেয়ে অনেক কম বিদেশি পর্যটক বাংলাদেশে আসে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
পর্যটন কর্পোরেশনের ৫০ বছর পূর্তিতে বের হয় একটি আনন্দ শোভাযাত্রা। এছাড়াও দিনভর আগারগাঁওয়ের পর্যটন ভবনে ছিলো আলোচনা অনুষ্ঠান, কেক কাটাসহ নানা কর্মসূচি।
একটি দেশের পর্যটনের সূচক হচ্ছে সে দেশে বিদেশি পর্যটকের সংখ্যা। তবে আশেপাশের দেশের তুলনায় খুবই কম সংখ্যক বিদেশি পর্যটক বাংলাদেশে আসে।
এমন এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানের প্রধান অতিথি পর্যটন প্রতিমন্ত্রী বলেন, অতীতের তুলনায় এখন এদেশের পর্যটন নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়েছে।
আরও পড়ুন: সুন্দরবনে বেড়েছে বাঘের আনাগোনা
তিনি জানান, পর্যটন কর্পোরেশন এ পর্যন্ত প্রায় ৬০ হাজারেরও বেশি দক্ষ মানবসম্পদ তৈরি করেছে। পর্যটকদের মানসম্মত খাবার, আবাসনসহ নানা সেবা প্রদান করে আসছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজার সৈকতে নারী ও শিশুদের জন্য এলাকা সংরক্ষিত করে তীব্র সমালোচনার পর প্রত্যাহার করে নেয় স্থানীয় প্রশাসন।
পর্যটনবান্ধব পরিবেশ তৈরিতে এটি প্রশাসনিক সমন্বয়হীনতার বড় উদাহরণ কিনা জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। তিনি বলেন, কাজটি ঠিক হয়নি।
তবে তিনি বলেন, কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণের যে ঘটনা ঘটেছে, সেটি নিন্দনীয় তবে এতে পর্যটনে নেতিবাচক প্রভাব পড়বে না।
৫০ বছর পূর্তি উপলক্ষে 'মুজিবের বাংলাদেশ' নামে পর্যটন কর্পোরেশনের নতুন একটি লোগো উদ্বোধন করা হয়। বিউটিফুল বাংলাদেশের পাশাপাশি মুজিবের বাংলাদেশের ব্র্যান্ডিংও এখন থেকে করা হবে।
একাত্তর/এসজে