ইসি গঠনে সার্চ কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির ছয় সদস্যের নাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (৫ ফেব্রুয়রি) রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগদানের জন্য আইনে বর্ণিত যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার লক্ষ্যে নিম্নোল্লিখিত ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করা হলো।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সার্চ কমিটির সদস্যরা হলেন— বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

সার্চ কমিটির সদস্যরা (উপর থেকে ঘড়ির কাঁটার দিকে)- বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি কুদ্দুস জামান, পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন, অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক ও মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মুসলিম চৌধুরী।
আরও পড়ুন: আত্মগোপনকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলি সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।


একাত্তর/আরবিএস