তিন বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলোও বাস্তবায়িত হচ্ছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।   

সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং আরও ৭৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং সংশ্লিষ্ট অন্যান্যরা বাংলাদেশ সচিবালয় থেকে সভায় অংশ নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস। 

আরও পড়ুন: ১৯ বছর পর ভোট দিলেন রাঙ্গাবালীর দুই ইউপি'র মানুষ

মন্ত্রিপরিষদ সূত্র বলছে, ২০১৯ সালের মন্ত্রিসভায় নেওয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টির (৯৭.২৯%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং ২০২১সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩%) সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে।

এদিকে অক্টোরব ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মন্ত্রিসভায় আরও ৫৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৩৪টি সিদ্ধান্ত ইটিমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২২টি সিদ্ধান্ত এখন বাস্তবায়িত হচ্ছে।


একাত্তর/আরবিএস