প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনার নিয়োগে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটির (সার্চ কমিটি) সপ্তম ও শেষ বৈঠক আজ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইসি গঠনে ১০ জনের নাম চূড়ান্ত করতে বিকেলে সর্বশেষ বৈঠকে বসবে সার্চ কমিটি।
এর আগে গত রোববার (২০ ফেব্রুয়ারি) সার্চ কমিটির ষষ্ঠ বৈঠক শেষে কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছিলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি দশজনের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হবে।
বিচারপতি ওবায়দুল হাসান বলেছিলেন, পঞ্চম বৈঠকে আমরা ২০ জনের নাম চূড়ান্ত করেছিলাম। আজকের বৈঠকে সেখান থেকে ১২-১৩ জনের নাম চূড়ান্ত কবরো। এবং আগামী ২২ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
চূড়ান্ত করে নামের তালিকা প্রকাশ করা হবে কি না— এ প্রশ্নে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, নামপ্রকাশে আমরা বাধ্য নই।
গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। বিশিষ্টজনরা নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম দেওয়া যেতে পারে সে ব্যাপারে সার্চ কমিটিকে পরামর্শ দেন।
এর আগে সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও আগ্রহী ব্যক্তিদের নির্বাচন কমিশনার হওয়ার যোগ্য ব্যক্তিদের নাম পাঠানোর অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি ও সংগঠন মোট ৩২২ জনের নাম পাঠায়।
গত শনিবার সার্চ কমিটির বৈঠকে ৩২২ জনের তালিকা থেকে ২০ জনের নাম বাছাই করা হয়। রোববার (২০ ফেব্রুয়ারি) ওই তালিকা ১২-১৩ জনে নিয়ে আসে কমিটি।
সর্বশেষ নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
আরও পড়ুন: এক মাস বন্ধের পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান
আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। কমিটিকে ১০ জনের নাম সুপারিশের জন্য সময় দেওয়া হয়েছে ১৫ কার্যদিবস।
১০ জনের নাম বাছাই করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।
একাত্তর/এসি