তথ্যপ্রাপ্তি নিশ্চিতে তৎপরতা বাড়াতে রাষ্ট্রপতির নির্দেশ

জনগণের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির নিকট কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশনা দেন। এসময় তথ্য কমিশনার সুরাইয়া বেগম এবং ড. আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নের অগ্রগতিসহ কমিশনের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আরও পড়ুন: ২০৪১ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ হবে ৫০ ভাগ: দীপু মনি

দেশের উন্নয়ন কর্মকাণ্ডের পরিধি বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে এগিয়ে আসার নির্দেশ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এসময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান। 


একাত্তর/এসজে