খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি গবেষণা প্রয়োজন: প্রধানমন্ত্রী

মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবাইকে এক হয়ে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে এ লক্ষ্য অর্জনে এ অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা সহযোগিতা বাড়ানো, প্রযুক্তি বিনিময় এবং কৃষি অর্থায়নে বিশেষ আঞ্চলিক তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থা (ফাও) এর ৩৬তম এশিয়া এবং প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রথমবারের মতো এ আঞ্চলিক কনফারেন্সের আয়োজন করেছে।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরলেন লিবিয়ায় আটক ৭৪ বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি সফরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা বলেন, নিশ্চয়ই খাদ্য নিরাপত্তা জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। দক্ষিণ এশিয়ার প্রায় ৩০৫ দশমিক ৭ মিলিয়ন মানুষ এখনো ক্ষুধার্ত। আমরা সবাই যদি আন্তরিকভাবে চেষ্টা করি তাহলে সহজে তাদের সবার খাবারের ব্যবস্থা করতে পারি। 

যেকোনো সংকট মোকাবিলায় সব দেশ-জাতি ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারি দেখিয়েছে এই ধরনের দুর্যোগ মোকাবিলায় মানুষ কতটা অসহায়। এ মহামারি আরও দেখিয়েছে সবাই এক হয়ে কীভাবে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হয়।

এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তিনটি প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম প্রস্তাবে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুপারিশ করছি। ’

দ্বিতীয় প্রস্তাবে শেখ হাসিনা এই অঞ্চলের ফাও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন।

আঞ্চলিক তহবিল গঠনের সুপারিশ করে তৃতীয় প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আধুনিক কৃষিতে বিপুল বিনিয়োগ প্রয়োজন, তাই কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি করা যেতে পারে।’

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্র আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোইয়ুং ও কৃষি সচিব সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।


একাত্তর/এআর