জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ স্থগিত বিষয়ক রেজুলেশনে ভোট দেয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ওই রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে ৯৩ দেশ, বিপক্ষে ২৪। বাংলাদেশসহ ৫৮ দেশ ভোট দেয়নি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়।
১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে রেজুলেশনটির পক্ষে দুই-তৃতীয়াংশের সমর্থন পাওয়ায় রাশিয়াকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত করা হয়েছে যদিও এতে ভোটদানে বিরত দেশগুলোকে গণনা করা হয়নি।
যথারীতি এই রেজুলেশনের পক্ষে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের প্রায় সব দেশ, ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, বেলারুশ, কিউবা, ইরানসহ আরও কয়েকটি দেশ।
দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে কেউই এর পক্ষে ভোট দেয়নি। বাংলাদেশসহ সাতটি দেশ ভোট দানে বিরত ছিল আর আফগানিস্তান অনুপস্থিত ছিল।
উল্লেখ্য, এর আগে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রথম রেজুলেশনে বাংলাদেশ ভোট দানে বিরত থাকলেও দ্বিতীয় রেজুলেশনে পক্ষে ভোট দেয়।
এদিকে, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর বিভিন্ন সংস্থায় বিভিন্ন ধরনের রেজুলেশন আনা হচ্ছে যার বেশিরভাগেই ভোট দানে বিরত থাকছে বাংলাদেশ।
এই বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, রেজুলেশনের মেরিট দেখে আমাদের সিদ্ধান্ত নিচ্ছি আমরা।
একাত্তর/জো