সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মারা গেছেন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন একসময়ের খ্যাতনামা অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, লেখক ও ভাষাসৈনিক আবুল মাল আবদুল মুহিত।

বার্ধক্যের নানা জটিলতায় সাবেক অর্থমন্ত্রী বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। মাঝে তাকে কয়েক দফায় হাসপাতালে ভর্তিও করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশান আজাদ মসজিদে আবুল মাল আবদুল মুহিতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টায় সাবেক এই অর্থমন্ত্রীর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন।

তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজ। মা-বাবা দুইজনই তৎকালীন সিলেট জেলার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ভাইবোনের মধ্যে তার অবস্থান তৃতীয়। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

আবদুল মুহিত ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। পরের বছর একই বিষয়ে অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি। ছাত্রজীবনে সলিমুল্লাহ হল ছাত্র সংসদে ছিলেন। ১৯৫৬ সালে তিনি যোগ দেন সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি)।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকার সময় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন মুহিত। 

১৯৮১ সালে আবুল মাল আবদুল মুহিত সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি ফোর্ড ফাউন্ডেশনের অর্থনীতি এবং উন্নয়ন বিভাগের একজন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা বা ইফাদেও দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন: রুবেল পুত্রের কাছে মেয়র আতিক যেন সান্তাক্লজ

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, আইডিবি এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের মনোনয়নে সিলেট-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী হন। ওই নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল মাল আবদুল মুহিত। পরে ২০০৯ সালের ৬ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন।

টানা দুই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এরশাদ সরকারের আমলে দুটিসহ বারোটি বাজেট দিয়ে রেকর্ড তৈরি করেন তিনি।

২০০৯-১০ অর্থবছরে এক লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করেন তিনি। ক্রমান্বয়ে বাজেটের আকার বাড়িয়ে যাওয়ার আগে চার লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দিয়ে যান তিনি।

প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের কারণে তাকে ২০১৬ সালে রাষ্ট্রের সবচেয়ে বড় বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ দেওয়া হয়। তার লেখা বাংলা ও ইংরেজি ভাষায় ৪০টির মতো বই রয়েছে।

২০১৫ সালের ১৬ জুন তার নামে রাখা হয় সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্সের নাম।

একাত্তর/আরএ