ভোটের পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কোন পদ্ধতিতে হবে, সেই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। 

তিনি বলেন, শেষ পর্যন্ত আমরাই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো ভোট কোন পদ্ধতিতে ও কেমন হবে। সেটি আমাদের বিষয়। এই বিষয়ে আমরা স্বাধীন।

ইভিএম নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও প্রতিক্রিয়া নিয়ে কমিশন কি ভাবছে, এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠান করার দায়িত্ব আমাদের। 

হয়তো আপনারা বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন এবং বিভিন্নজন থেকে বক্তব্য আসতে পারে। 

এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, নাকি আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন বিষয়টি এখনো স্পষ্ট না। আওয়ামী লীগ সভানেত্রী বলা, বিএনপির প্রধান বলা, জাসদের আব্দুর রব বলা- এগুলো ভিন্ন জিনিস।

তিনি আরো বলেন, যেটি স্পষ্ট করে বলতে চাচ্ছি, অনেকে ইচ্ছা পোষণ করতে পারেন, সদিচ্ছা ব্যক্ত করতে পারেন, আর ইভিএমে ভোট দেয়ার বিষয়ে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। 

এরই মধ্যে আমরা অনেকগুলো সভা করেছি, আরো সভা হবে। তারপর সিদ্ধান্ত হবে। ভোট স্বাধীনভাবে পরিচালনা করবো যতদূর সম্ভব। এটা আমাদের এখতিয়ারভূক্ত, পদ্ধতিও আমাদের এখতিয়ারভূক্ত।

ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে নির্বাচন কমিশন কোনও চাপ অনুভব করছে না বলেও জানান সিইসি। তিনি বলেন, সব আসনে ইভিএমে ভোট করার মতো এখন আমাদের সামর্থ নেই। 

৩০০ আসনের বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও নেইনি। ভোট ব্যালটে হবে না ইভিএমে, কতটি আসনে ইভিএমে হবে এই বিষয়ে কমিশন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এটি পর্যালোচনাধীন রয়েছে।

এর আগে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া কর্মকর্তাদের শুদ্ধ ও সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন সিইসি। 

তিনি বলেন, শুদ্ধ ও সঠিক ভোটার তালিকা ছাড়া প্রতিনিধিত্বমূলক সরকার গঠন সম্ভব নয়। তাই যত্ন নিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুন: প্রবল ‘অশনি’ দুর্বল হচ্ছে, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় চার নির্বাচন কমিশনার, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি