বেসরকারিভাবে হজ প্যাকেজ ঘোষণা

বেসরকারি এজেন্সিগুলোর ব্যবস্থাপনায় চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে মাথাপিছু সর্বনিম্ন খরচের পরিমাণ ধরা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। 

বৃহস্পতিবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য জানান। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য ‘সাধারণ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ করা হয়েছে। 

এ ছাড়াও প্রত্যেক এজেন্সি নিজ নিজ স্পেশাল প্যাকেজ করতে পারবেন। তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্যের চেয়ে কম হবে না। তিনি আরও জানান, সাধারণ প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার এক হাজার থেকে এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে। এ ছাড়া সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজযাত্রীকে পরিশোধ করতে হবে। 

হাবের সভাপতি বলেন, কোরবানির খরচ বাবদ প্রত্যেক হজযাত্রীকে ৪১০ সৌদি রিয়াল সমান পরিমাণ ১৯ হাজার ৬৮৩ টাকা আলাদাভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।


একাত্তর/এআর