ইভিএমের খুঁত ধরতে জুনে আসছে বিশেষজ্ঞ দল

ইভিএমে কোনো ত্রুটি আছে কিনা তা শনাক্ত করতে জুন মাসের মধ্যে বিশেষজ্ঞ দলকে ডাকা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শুক্রবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান ইসির প্রথম লক্ষ্য উল্লেখ করে মো. আলমগীর জানান, আমাদের যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আছে তাতে ১১০ থেকে ১২০ আসনে ভোট গ্রহণের সক্ষমতা রয়েছে। ৩০০ আসনে ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিয়ে আমরা (ইসি) ভাবিনি। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে।

তিনি বলেন, ইভিএমে ত্রুটি আছে কিনা পরীক্ষা করে রাজনৈতিক দলগুলোর সামনেই তা যাচাই করা হবে। বিশেষজ্ঞ মতামতের পরই জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনে আসা বা না আসা নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত নয়। তা সরকার ও রাজনৈতিক দলগুলোর বিষয়।

নির্বাচন কমিশনার আরও বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশন তা নেবে। ‘যার ভোট তিনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন’ এ বিষয়টি নিয়ে ইসি কাজ করছে। 

আরও পড়ুন: নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফের সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।


একাত্তর/এসি