পদ্মা সেতু উদ্বোধনের দিনে ১০ লাখ লোকের সমাবেশ

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর সকাল ১১ টায় কাঠালবাড়ি প্রান্তে জনসভা করবে আওয়ামী লীগ। এতে দশ লক্ষাধিক লোকের জনসমাবেশের প্রত্যাশা করছে দলটি। 

বুধবার (১ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমন্বয়  বৈঠকে দলটির নেতারা এই আশাবাদ জানান। 

বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পদ্মা সেতু নিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের শেষ নেই। মানুষের এই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী ২৫ জুন। এই দিনটিকে ঘিরে সারাদেশে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ব্যাপক।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর জনসভা হওয়ার কথা রয়েছে। সেটি সকাল ১১টায় শুরু হবে পদ্মার পাড়ে কাঠাল বাড়ি ফেরি ঘাটে। সভায় যোগ দেবেন দলীয় সভাপতি।

এই জনসভাকে ঘিরে দক্ষিণাঞ্চলের ২১টি জেলা ও ঢাকার আশেপাশের মানুষের ব্যাপক উপস্থিতি হবে। সেখানে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বিশাল জনসমুদ্রে পরিণত হবে। 

এছাড়া, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের দিনব্যাপী অনুষ্ঠান হবে। এজন্য সারাদেশে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাছে নির্দেশনাও পাঠিয়েছে কেন্দ্র। 


একাত্তর/এআর