রাত পোহালেই পদ্মার বুকে চিড়ে ছুটবে যানবাহন

সাঙ্গ হলো কোটি কোটি মানুষের সোনালী প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতুর জমকালো উদ্বোধনীর সব উৎসব। খুলে দেয়া হয়েছে রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের স্বপ্নের সংযোগ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার শনিবার সকালে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। রোববার ভোর ছয়টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত হবে এই সেতু।

সেই আয়োজনই এখন চলছে। নিরাপত্তা ও যান চলাচলের খুঁটিনাটি ও টোল আদায়ের শেষ মহড়াও শেষ। এখন শুধু পদ্মার বুক চিড়ে পিচ ঢালা পথ দিয়ে যানবাহন ছুটে চলার অপেক্ষা।

প্রকল্প পরিচালক শফিকুল বলেন, শুরুর দিন যানবাহন ব্যাপক চাপ হবে বলে আমরা ধারণা করছি। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। 

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। সেই সঙ্গে থাকছে না পায়ে হেটে বা সাইকেলে করে সেতু পার হবার সুযোগ। 

সেতু সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন ভোর ৬টা থেকে সরকার নির্ধারিত টোল দিয়ে সেতু পারাপার হওয়া যাবে। 

এজন্য পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। যার দেখভাল করবেন সেতু বিভাগের লোকজন।

পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার। পদ্মা সেতুর ওপর কোন ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও হাঁটা সম্পূর্ণ নিষেধ।

তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না। 

গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না, সেতুর ওপরে কোনও ধরনের ময়লা ফেলা যাবে না।

সরকার নির্ধারিত টোল দিয়েই পদ্মা সেতু পার হতে হবে। পদ্মা সেতুর নির্ধারিত টোল হার অনুযায়ী সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা গুণতে হবে।

আর পিকআপ ভ্যানে এক হাজার ২০০ টাকা এবং মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। 

অন্যদিকে ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

আরও পড়ুন: সাঁতরে প্রধানমন্ত্রীর কাছে চলে গেল এক কিশোরী

৬ কিলোমিটারের বেশি দীর্ঘ পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হল। 

এই ২১টি জেলার মাওয়া রুট ব্যবহারকারী বাসসহ যানবাহনগুলো এতদিন ফেরিতে পারাপার হত। এখন সেতুতে চলবে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোল দিয়ে প্রথম পদ্মা সেতু পার হন।

পদ্মা সেতু পারাপারে খরচ


একাত্তর/এসি