রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে পরিবারের সদস্য এবং কয়েকজন কর্মকর্তাসহ ঈদুল আজহার নামাজ আদায় করেন।
বঙ্গভবনে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পুনরায় করোনার প্রকোপ বৃদ্ধির কারণে রাষ্ট্রপতি রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঐতিহ্য অনুযায়ী ঈদের নামাজে অংশ নেননি। এ কারণে রাষ্ট্রীয় অনেক কর্মসূচিও স্থগিত করা হয়েছে।
সকাল সাড়ে আটটায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির।
ঈদের নামাজে রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণসহ রাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণ তথা মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে জামাত শেষে বিশেষ মোনাজাত করা হয়।
প্রাণঘাতী কোভিড-১৬ এ যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং সারাদেশের পাশাপাশি বিশ্বজুড়ে করোনা আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ ও দেশের স্বার্থে জীবন উৎসর্গকারী শহিদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেও দোয়া করা হয় নামাজ পরবর্তী মোনাজাতে।
করোনা মহামারির পুনরাবির্ভাবে নামাজ শেষে রাষ্ট্রপতি ভবনে রীতি অনুযায়ী দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিক বা অতিথিদের আপ্যায়নসহ কোনো আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো হয়নি।
একাত্তর/জো