শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে: রেলমন্ত্রী

শিগগিরই রেলের ভাড়া সমন্বয় করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। 

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-টঙ্গী সেকশনের তৃতীয় ও চতুর্থ ডুয়েল গেজ এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডাবল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান রেলমন্ত্রী।

মন্ত্রী জানান, ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বাড়ার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া সমন্বয় করা হবে। 

তিনি আরো বলেন, রেলের দুর্ঘটনা এড়াতে নিজেদের সচেতন হতে হবে। রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। কিন্তু যারা সড়ক করছেন তাদেরকেও নিরাপদ সড়কের জন্য দায়িত্ব পালন করতে হবে। নিরাপদ রেলের দায়িত্ব আমার, আমাকে ক্রস করতে গিয়ে যদি কেউ দুর্ঘটনার শিকার হয়, সে দায়িত্ব রেলওয়ে নেবে না।


একাত্তর/এআর