পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিক বর্জ্য ও পলিথিন ব্যবহারে জনপ্রতিনিধি ও সুশীল সমাজসহ সকলকে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ও পলিথিনের ব্যবহার যাতে হাওর এলাকার পর্যটনের পরিবেশ নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। খবর বাসসের।
কিশোরগঞ্জের তিন উপজেলায় চারদিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি অষ্টগ্রামে পেশাজীবী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
রাষ্ট্রপতি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের উদ্দেশ্য বলেন, হাওরের উন্নয়ন নিয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে।
পরিবেশকে রক্ষা করে অর্থনীতি ও জীবন মানের কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
রাজনীতিবিদদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, আপনারা জনগণ ও ভোটারদেরকে প্রশ্ন করুন আপনাদের প্রতি তাদের কোনো অভিযোগ আছে কিনা।
আরও পড়ুন: মন্ত্রীদের বাড়িতেও লোডশেডিং দেয়া হোক: কাদের
রাষ্ট্রপ্রধান বলেন, তাহলে জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সুসম্পর্ক এবং জবাবদিহিতার পরিবেশ তৈরি হবে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
বিশ্বজুড়ে পরিবেশ-বিষয়ক চিন্তাধারায় টেকসই উন্নয়নের ধারণা শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করে হামিদ বলেন, পরিবেশ ধ্বংস করে যাতে উন্নয়ন না করা হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।
একাত্তর/আরএ