প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইনে কাজ করতে হবে। এ জন্য সংস্থাগুলোকে রাখাইনে কাজ করতে দিতে মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) গণভবনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নয়েলিন হেইজার সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার আহ্বান জানানো হলে, এ ব্যাপারে কোনো সাড়া আসেনি। বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বলে মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, কিছু রোহিঙ্গা ইতোমধ্যে সামাজিক অপরাধ, মানব পাচার, মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা এই অঞ্চলের পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম শান্তি চুক্তির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৭ সালে এ চুক্তি সইয়ের পর প্রায় ৬২ হাজার উদ্বাস্তুকে ভারত থেকে ফিরিয়ে আনে বাংলাদেশ।
এসময় জাতিসংঘের বিশেষ দূত নয়েলিন হেইজার বলেন, তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে কথা বলেছেন। মিয়ানমারে তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন করতে অনুকূল পরিবেশ নিশ্চিত করা এখন জরুরি হয়ে পড়েছে।
তিনি জানান, জাতিসংঘের সকল সংস্থা ও এনজিওগুলো রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে। রোহিঙ্গা ইস্যু মোকাবেলায় বাংলাদেশের ব্যাপক সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর
মিয়ানমার সফরের কথা উল্লেখ করে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বলেন, তিনি মিয়ানমার সফর করেছেন এবং সেখানকার সামরিক শাসকদের রোহিঙ্গা সংকটের একটা সমাধান খুঁজে বের করার কথা বলেছেন।