বাংলা একাডেমির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম

জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামকে আগামী তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি পদে নিয়োগ দেয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

গত ১৪ এপ্রিল বাংলা একাডেমির সভাপতি ও সাবেক মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে একাডেমির সভাপতি পদটি শূন্য হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. অলিউর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা-৬ (১) অনুযায়ী অধ্যাপক রফিকুল ইসলামকে এই নিয়োগ দেওয়া হয়েছে। 

ভাষা সংগ্রামী, শিক্ষাবিদ, লেখক ও বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম নজরুল অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের প্রথম পরিচালক। 

৮৭ বছর বয়সী অধ্যাপক রফিকুল ইসলাম ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সেসময়ের দুর্লভ কিছু আলোকচিত্রও তুলেছিলেন তিনি। 


অধ্যাপক রফিকুল ইসলাম একুশে পদক, স্বাধীনতা পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়া এ বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা পদকেও ভূষিত হয়েছেন তিনি।

পূর্বে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে সরকার তাকে জাতীয় অধ্যাপক ঘোষণা করে।

অধ্যাপক রফিকুল ইসলাম ১৯৩৪ সালের ১ জানুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন।


একাত্তর/আরএইচ