স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। জামিনের বিষয়ে আগামী রোববার (২৩ মে) আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এ শুনানি হয়। এসময় রোজিনার জামিন শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।
এদিকে রোজিনার জামিন আরও সাত দিন পেছাতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী।
শুনানির সময় আদালতের বাইরে উপস্থিত ছিলেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম ও স্বজনেরা।
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব বুধবার (১৯ মে) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রোজিনাকে সচিবালয়ে নির্যাতনের ভিডিও প্রকাশিত
এর আগে মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।
একাত্তর/আরবিএস