মেট্রোরেলের ভাড়া যৌক্তিক, দিতে হবে ভর্তুকি: পরিকল্পনামন্ত্রী

চলতি বছরের শেষেই চালু হবে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে নিয়মিত ট্রায়েল রান। ইতিমধ্যে মেট্রোরেলের ভাড়াও নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেলে যাতায়াতে যাত্রীকে গুনতে হবে সর্বনিম্ন ২০ টাকা হারে ভাড়া। 

বিশ্বের অনেক দেশের তুলনায় এই ভাড়া বেশি বলে যখন আলোচনা-সমালোচনা চলছে তখন বেঁধে দেয়া সেই ভাড়া যৌক্তিক বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী, এমনকি প্রতিমন্ত্রীও। তাদের দাবি, এই ভাড়ার পরও মেট্রোরেলে অনেক ভর্তুকি দিতে হবে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) একনেক সভাশেষে ব্রিফিংয়ে তারা এ কথা বলেন। 

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সঙ্কটকালীন কৃচ্ছতা সাধনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়  ধন্যবাদ পাবার কথা জানালেও ঠিক কতো টাকা খরচ কমানো হলো তা জানাতে পারেননি পরিকল্পনা মন্ত্রী। 

মঙ্গলবার একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনই বললেন, এ ভাড়া প্রকল্প বাস্তবায়ন আর সংরক্ষণের খরচের  তুলনায় মোটেও বেশি নয়।

এদিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে পাশ হয় ছয়টি প্রকল্প। যাতে খরচ আট হাজার কোটি টাকার বেশি। যার বেশিরভাগই খরচই অবকাঠামোতে। 


পরিকল্পনা মন্ত্রী জানান, প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।

মন্ত্রী জানান, একনেক সভায় প্রধানমন্ত্রী বিশ্ব মন্দা আর খাদ্য সঙ্কটের জেরে বরাবরের মতো অনাবাদি জমি ফেলে না রেখে নিজেদের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন। 

আরও পড়ুন: মিনিকেট নামে চাল বিক্রেতাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা

তিনি আরও জানান, বিশ্ববাজারে তেলের দাম কমায় দেশেও কমতে পারে দাম, আর কমার সম্ভাবনা আছে মূল্যস্ফীতিও। 


একাত্তর/এসি