রানির শেষকৃত্যে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় রাত ১০ টা) প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে অবতরণ করে। 

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এর আগে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এক সরকারি সফরে রয়েছেন।

আগামী ১৬ সেপ্টেম্বর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া, উত্তর আফ্রিকা, জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

১৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যের বিরোধীদলীয় এবং লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

১৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজা কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশগ্রহণ করবেন ১৯ সেপ্টেম্বর।

এরপর সেদিনই জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ছাড়বেন তিনি।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরাতে চলছে শান্তিপূর্ণ চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী

জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত।

২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭ তম অধিবেশনে ভাষণ দেবেন তিনি। ২৪ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাত্তর/এসজে