স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ দলের গোলরক্ষক রূপনা চাকমার পরিবারকে ঘর বানিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশে শিগগিরই রাঙ্গামাটিতে সরকারিভাবে ঘর পাচ্ছে রূপনার পরিবার।
রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙ্গামাটিতে রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ করে দেওয়া হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘর নির্মাণের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আমি নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলুর রহমানকে ইতোমধ্যেই এ বিষয়ে নির্দেশ দিয়েছি।
জেলা প্রশাসক জানান, ইউএনও বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলেই এলজিইডির প্রকৌশলীকে নিয়ে ঘর নির্মাণের ব্যাপারে সরেজমিন দেখে আসবেন। আশা করা যায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার পরিবারকে একটি ঘর তৈরি করে দেয়া যাবে।
টুর্নামেন্টের ফাইনালের আগে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও ভুটানের বিপক্ষে একটি গোলও হজম করতে হয়নি বাংলাদেশকে। যার কৃতিত্ব দলের রক্ষণভাগের সঙ্গে রূপনারও। এমন কৃতিত্বের জন্য রূপনাকে বাড়ি করে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রুপনা ও ঋতুপর্ণার সফলতায় রাঙামাটিতে খুশির জোয়ার
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ভুঁইয়া আদাম গ্রামে। সামাজিক মাধ্যমে রূপনার জীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি নিউইয়র্ক সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।