সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, সৈয়দা সাজেদা চৌধুরী ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। সাজেদা চৌধুরী তার প্রজ্ঞা, মেধা, সৃষ্টিশীলতা ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্বের জন্য বাংলাদেশের জনগণের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন। তার অবদানের কথা জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় জাতীয় সংসদ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

স্পিকার বলেন, সাজেদা চৌধুরী ১৯৭৫ সালের কালো অধ্যায়ের সময়েও রাজনীতিতে মুজিবের রাজনৈতিক আদর্শকে সগৌরবে ধারণ করেছেন। তিনি আজীবন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ সকল দায়িত্ব শতভাগ নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতার সঙ্গে পালন করেছেন। আওয়ামী লীগের সকল সঙ্কটে তিনি ছিলেন অকুতোভয় কাণ্ডারি। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি। 

অন্যদের বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।

আরও পড়ুন: সাজেদা চৌধুরীর আসনে ভোটগ্রহণ পাঁচ নভেম্বর

পরে মিলাদ মাহফিল অনুষ্ঠানে সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

মোনাজাত পরিচালনা করেন জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মো. আবু রায়হান। 

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে.এম আব্দুস সালামের  সভাপতিত্বে সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।


একাত্তর/এসি