পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির বড় ছেলে সংসদ সদস্য রেদওয়ান আহমেদ তৌফিক এবং বঙ্গভবনের কর্মকর্তাসহ তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডে অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনায় মোনাজাতে যোগ দেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সেই সাথে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।এর আগে রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রপতি হামিদ তার পরিবারের সদস্যদের নিয়ে মাজারে ফুল দেন।
রাষ্ট্রপতি সেখানে ফুল দেয়ার পর জাতির জনকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতির মোটরবহর পদ্মা সেতু অতিক্রম করে বিকেল ৪টা ৩৫ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছায়। সেতুতে ওঠার পর আবদুল হামিদ তার গাড়ি থেকে নেমে পদ্মা নদীর দৃশ্য উপভোগ করেন। রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন।
উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের পর এটি অতিক্রম করে রাষ্ট্রপতি এই প্রথম টুঙ্গিপাড়া সফর করলেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এর আগে বেলা পৌনে দুইটায় বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রাষ্ট্রপতির যাত্রা শুরু করেন। সন্ধ্যা সাতটার পরে শোভাযাত্রা সহকারে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
একাত্তর/এসজে